*জলবন্দি পানিহাটিতে এখন বাড়ির দুয়ারেই ভেসে আসছে মাছ, হাঁড়িতে উঠছে তেলাপিয়া!*
প্রায় দু’মাস ধরে জলবন্দি অবস্থায় কাটছে পানিহাটি পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বহু মানুষের জীবন। রাস্তাঘাট, বাড়ির উঠোন সবই প্রায় জলের নিচে। অথচ তার মাঝেই যেন দেখা গেল এক ব্যতিক্রমী চিত্র। বাজারে যেতে হচ্ছে না মাছের জন্য, কারণ, ঘরের দুয়ারেই ভেসে বেড়াচ্ছে তেলাপিয়া, সহ নানা প্রজাতির মাছ।
ব্যাপক বৃষ্টির জেরে স্থানীয় জলাশয় উপচে পড়ায় সেই মাছ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। মাছ ধরতেই এদিন হাঁড়ি হাতে জলে নেমেছিলেন সোনা মালিক নামে এক স্থানীয় বাসিন্দা। কিছুক্ষণের মধ্যেই হাঁড়ি ভর্তি তেলাপিয়া মাছ তুলে নিয়ে যেতে দেখা যায় তাঁকে। জলের দুর্ভোগ নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার মানুষ। পানিহাটির বিস্তীর্ণ অংশে দীর্ঘদিন ধরে জলনিকাশি সমস্যার কারণে এই জলাবদ্ধতা বলে অভিযোগ। স্থানীয়দের একটাই প্রশ্ন—এই অবস্থা থেকে মুক্তি কবে মিলবে! প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত স্থায়ী কোনও সমাধান সূত্র না বেরনোয় উড়ছে প্রশ্ন। বৃষ্টির জলে ভাসছে রাস্তাঘাট, তার সঙ্গে ভেসে আসা মাছ যেন আরও বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পানিহাটির বিস্তীর্ণ এলাকার জলনিকাশির এমন করুণ হাল।
