‘এটা সিবিআই’এর বিষয় নয়। বাংলায় জনতার আদালতে দোষীদের বিচার হবে এবং এদেরকে বের করে দিতে হবে, তবে বাংলায় শান্তি ফিরে আসবে।’
কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীর সাথে শারীরিক নির্যাতনের ঘটনায় এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রোববার পানিহাটিতে ১০৩ তম মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত থেকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন ‘বাংলা এটা কি চলছে? আরজিকরের ঘটনা বাংলার মাথা হেট করে দিয়েছে। একটা সময় এই বাংলা শিক্ষা বিজ্ঞান, আধ্যাত্মিকতার ক্ষেত্রে গোটা বিশ্বে সেরা ছিল। রবীন্দ্র নাথ ঠাকুর, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দের এই বাংলায় জন্ম গ্রহণ করেছেন। সেই বাংলায় আরজিকরের ঘটনা ঘটছে যেখানে তৃণমূলের লোক জড়িত। দুদিন আগে ফের একই ঘটনা। সেখানেই তৃনমূলের জড়িত। এই ঘটনা দেশকে খুব দুঃখ দিয়েছে, বেদনা দিয়েছে। আমি এর তীব্র নিন্দা করছি। বাংলার তৃণমূল সরকার কবে জাগবে জানিনা। কবে মমতা দিদি তার গুন্ডাদের ঘরে ঢোকাবে জানা নেই। কবে ওদের বিচার হবে সেটা কেউ জানে না। বাংলার মানুষ এবার তাদের শিক্ষা দেবে। প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি বিধানসভায় এব্যাপারে সরব হবে আসা করছি। বাংলা সরকারকে যেতেই হবে। এই সরকারকে বিদায় না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
এই ঘটনায় বিজেপি সিবিআই তদন্ত দাবি করবে কিনা সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন ‘এটা সিবিআই এর বিষয় নয়। বাংলার সরকারকে রাজনীতির আন্দোলন থেকে সরে আসতে হবে। বাংলায় জনতার আদালতে দোষীদের বিচার হবে এবং এদেরকে বের করে দিতে হবে তবে বাংলায় শান্তি ফিরে আসবে।’
বিভিন্ন শিক্ষা কেন্দ্রে একই ঘটনার পুনরাবৃত্তি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন ‘এটাই খুব চিন্তার বিষয়। এখানে মা সরস্বতী নিজেই ব্রাত্য।’
তৃণমুল বিধায়ক মদন মিত্রের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী বলেন ‘কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া ওদের কাজ। গণতন্ত্রে একটানা ক্ষমতায় থাকার জন্য এই অহংকার জন্ম নেয়। রাবণের পতন এই কারণে হয়েছিল। ঠিক একই কারণে দুর্যোধনের পতন হয়েছিল। কিন্তু সময়, ইতিহাস বলে অহংকারীদের জনতাই জবাব দেয়। তৃণমূল কংগ্রেস পুরনো কংগ্রেসের একটা রূপ। ওদের কাছ থেকে কি আশা করা যায়? মানুষের কষ্ট না বুঝে এরা কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে।’
আরজি করের ঘটনা নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন ‘যারা ধর্ষক বা অভিযুক্ত তারা সকলের তৃণমূলের কার্যকর্তা। কসবার ঘটনায় যে মূল অভিযুক্ত সেও তৃণমূলের ছাত্রনেতা। তৃণমূলের বড় বড় লোকেদের সাথে ওর ফটো রয়েছে। মানুষকে ক্ষমা করবে না।’
