ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শ্যামনগর রাহুতার যুবক
ওড়িশার বলেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ঘটনায় আহত অনেকেই। শুক্রবার করমন্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার ছবি দেখেছে গোটা দেশ। ওই ট্রেনে চেপেই কেরালায় কাঠের কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের শ্যামনগর রাহুতা বিআরএস কলোনীর বাসিন্দা সঞ্জয় দত্ত। রাহুতা বিআরএস কলোনিতে মামার বাড়ীতে থাকে সঞ্জয়। ওইদিন রাতে তার পরিবার দুর্ঘটনার কথা জানতে পারেন। তারপরে সঞ্জয়ের পরিবারের লোক রওনা দেয় দুর্ঘটনাস্থলের দিকে। সঞ্জয়ের মামি রুপালি বিশ্বাস জানান, কাঠের কাজে কেরালায় যাচ্ছিল সঞ্জয়। চেন্নাই থেকে ট্রেন বদলের কথা ছিল। তার আগেই দুর্ঘটনায় ভাগ্না আহত হয়ে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন।এর বাইরে আমরা কিছু জানি না। ঘরের ছেলে ঘরে সুস্থ হয়ে বাড়ি ফিরুক এটাই আমরা চাই।
