আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। রবিবার কাঁচরাপাড়া কলেজ মোড়ে দলীয় এক রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বিমান বসু আরো বলেন এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের তরফ থেকে যে সমস্ত বিধি ব্যবস্থা গ্রহণ করা উচিৎ তা ঠিক মতো করা হয়নি বলেই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে।তার ফলস্বরূপ প্রথম দিন থেকেই খুন গুলি বোমাবাজি এবং চরম বিশৃঙ্খলার মতো ঘটনা ঘটেছে।
রবিবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুভাষ চক্রবর্তী এবং বিজপুর এলাকার প্রয়াত সিপিআইএম নেতা বাবলু রক্ষীত এর স্মরণে কাঁচরাপাড়া প্রবাহ ক্লাবের উদ্যোগে কাঁচরাপাড়া কলেজ মোড়ে আয়োজিত এক রক্তদান শিবিরে উপস্থিত হয়ে একথা বলেন বিমানবাবু। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্যা গার্গী চট্টোপাধ্যায় সহ একাধিক সিপিআইএম নেতৃত্ব।
